সিলেট

দুবাইয়ে কর্মীদের ভিসার মেয়াদ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট, ১৭ জুলাই – দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ বা ভিসা এক্সটেনশন নিয়ে কূটনৈতিক পর্যায়ে নিবিড়ভাবে কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি জানান আগামী এক সপ্তাহের মধ্যে এ পরিস্থিতির ওপর স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং উদ্ভূত সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। গতকাল দুপুরে সিলেটের ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে দুবাইয়ের শ্রমবাজার নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না তা গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার নিরলস কাজ করছে।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতিতে বিশ্বাসী। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির পাশাপাশি তাদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিক।

এর আগে তিনি ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ইসকন সিলেটের নেতৃবৃন্দ এবং স্থানীয় ভক্তরা উপস্থিত ছিলেন।

এস এম/ ১৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language