এইচএসসি খাতা পুনর্মূল্যায়নের সময় বাড়াল শিক্ষা বোর্ড

ঢাকা, ০৭ নভেম্বর – চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা পুনঃনিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। অনলাইনে আবেদন করার সময় কারিগরি ত্রুটির কারণে কার্যক্রম সাময়িক বিঘ্নিত হওয়ায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে পরীক্ষার্থীরা এখন আগামীকাল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি বা অনলাইন ত্রুটির কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন সম্পন্ন করতে পারেননি। শিক্ষার্থীদের ভোগান্তি ও বিষয়টি গভীরভাবে বিবেচনা করে আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে গত শনিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে, বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়েছেন প্রায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এবারের পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে, যা বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।
পাশাপাশি, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেশ কমেছে। এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬ জন। যেসব শিক্ষার্থী ফল নিয়ে অসন্তুষ্ট বা পুনর্মূল্যায়ন করতে ইচ্ছুক, তারা বর্ধিত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এনএন/ ০৭ নভেম্বর ২০২৬







