ডিসেম্বরের শেষেই শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছাবে: গিয়াস উদ্দিন রিমন

ঢাকা,০৬ নভেম্বর-বছরের শুরুতে নয়, বরং চলতি বছরের শেষেই দেশের সব স্কুলশিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশিহারার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
ঢাকা মহানগর ও পূর্বাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ দেখতে তিনি ওই বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নতুন পাঠ্যক্রম শিক্ষার্থীদের সামনে নতুন জ্ঞানের সুযোগ তৈরি করবে।
প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন বই যুক্ত করা হচ্ছে। নতুন বইগুলোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং শিক্ষার মান যাচাই করতে দেশের বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। এরই অংশ হিসেবে তিনি হঠাৎ রূপগঞ্জের পশিহারার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছোট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং নতুন বইগুলোর বিষয়বস্তু সম্পর্কে তাদের ধারণা দেন।
তিনি জানান, ‘খেলাধুলা’ বইয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, দাবা ও মার্শাল আর্টসহ আটটি প্রধান খেলাধুলার বিষয় এবং শরীরচর্চার মৌলিক বিষয়গুলো রাখা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলার নিয়মকানুন জানার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও মানসিক প্রশান্তির গুরুত্ব সম্পর্কেও জানতে পারবে। অন্যদিকে ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইটি দেশের ঐতিহ্য ও নানা ধরনের সংস্কৃতির সমন্বয়ে তৈরি করা হয়েছে। এ বইয়ে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে ছেলেমেয়েরা নৈতিক শিক্ষা পাবে এবং তাদের সঠিক মানবিক বিকাশ ঘটবে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানোর সময় সম্পর্কে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। ১ জানুয়ারির জন্য অপেক্ষা না করে ডিসেম্বরের শেষে যেদিন শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার ফল নিতে স্কুলে আসবে, সেদিনই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। একটি সুস্থ, সংস্কৃতিমনা ও মেধাবী জাতি গঠনে নতুন পাঠ্যবইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানান তিনি।
এস এম/ ০৬ নভেম্বর ২০২৬







