সিলেট

সিলেটের শাহজালাল মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ দ্বিতীয় দফায় খোলা হলো

সিলেট, ১১ জুলাই – সিলেটের হযরত শাহজালাল রহ. এর মাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা ঐতিহাসিক তিনটি ডেগ এবং ছয়টি দানবাক্স দ্বিতীয় দফায় খোলা হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে সকাল ১১টা ২৮ মিনিট থেকে শুরু হয় অর্থ গণনার কাজ। এই বিশাল অংকের টাকা গণনায় সহযোগিতা করছেন স্থানীয় দরগাহ মাদরাসার অন্তত ৫০ জন শিক্ষার্থী। অর্থ গণনার সময় মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়েছিল। তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিশেষ উদ্যোগে মাজারের দানবাক্সে তালা দেওয়ার চারদিন পর টাকা গণনা করা হয়েছিল।

সে সময় চার দিনে দানবাক্সে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায় যা পরে সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়। মাজারের আয় ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই জেলা প্রশাসন গত ১২ জুন প্রথমবারের মতো এই উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় ১৮ জুন মাজার প্রাঙ্গণে নতুন চারটি দানবাক্স স্থাপন এবং পুরনো তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা আনতে ২৬ জুন ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

এই কমিটিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য যে মাজারের ৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবার দান করা অর্থ জনসম্মুখে গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language