সিলেটের ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

সিলেট, ০৭ অক্টোবর-বছর ঘুরে আবার এসেছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। পুলিশও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
জানা গেছে, সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরে ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপ রয়েছে। এরই মধ্যে বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরি, রঙের কাজ, সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
আগামী ১৫ অক্টোবর মহাপঞ্চমীর মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এর আগে ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে মূর্তি কারিগরদের শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। একই সঙ্গে কেনাকাটা ও উৎসবকে কেন্দ্র করে নগরী এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের চলাচলও বাড়ছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশের নিরাপত্তা টিম কাজ করছে। প্রতিমা তৈরি ও মণ্ডপ নির্মাণের স্থানগুলোও নজরদারির মধ্যে আনা হয়েছে।
এদিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক রাখা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সিলেটের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবার অংশগ্রহণে এবারও দুর্গোৎসব সর্বজনীন আনন্দের উৎসব হয়ে উঠবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেন, এবার শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করা এবং উৎসবের আনন্দে যাতে কোনো ভাটা না পড়ে, সে জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সব পূজামণ্ডপকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিকল্প হিসেবে জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখতে বলা হয়েছে।
শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পূজা কমিটিগুলোকে সব সময় মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।
এস এম/ ০৭ অক্টোবর ২০২৬







