সিলেট

সিলেটে ৪২ ওয়ার্ডে ৪ হাজার কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

সিলেট,১২ অক্টোবর- জলাতঙ্ক রোগ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে সিলেটে বেওয়ারিশ কুকুরকে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এই কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

এই কর্মসূচির আওতায় চার হাজার কুকুরকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি চলাকালে বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া যাবে।

সোমবার সিলেট নগরীর মির্জাজাঙ্গালে অবস্থিত জেলা ভেটেরিনারি হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ অন্যরা।

এই কর্মসূচির আওতায় সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের বেওয়ারিশ কুকুরকে টিকা দেওয়া হবে। এ সময় কেউ চাইলে নিজের গৃহপালিত কুকুরকেও বিনামূল্যে টিকা দিতে পারবেন।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language