সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

ঢাকা,১২ অক্টোবর -পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষণা করা সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এই সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে নির্বাচনের এই সময়সূচি প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল করার সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর। পরদিন ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এর পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং শূন্য পদ পূরণের জন্য নির্বাচন কমিশনকে বিষয়টি জানায়। এরই ধারাবাহিকতায় এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।
এস এম/ ১২ অক্টোবর ২০২৬







