বুড়িগঙ্গার তীরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরানো হলো ১০০ টন বর্জ্য

ঢাকা,১২ অক্টোবর- হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান চালানো হয়েছে।
সোমবার পরিচালিত এ অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি উচ্ছেদ করা হয় ৫০টি অবৈধ স্থাপনা। অভিযান পরিচালনায় ২টি এস্কেভেটর ও ৫টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর দায়ের করা রিট পিটিশনের ধারাবাহিকতায় দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট উল্লিখিত এলাকার বর্জ্য অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন। আদালতের এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির উদ্যোগে অভিযানটি পরিচালনা করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম। এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরাও অভিযানে উপস্থিত ছিলেন।
বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
এস এম/ ১২ অক্টোবর ২০২৬







