সিলেট

শাহজালালের মাজারের দানবাক্সে ৩৪ দিনে মিলল প্রায় ৮৯ লাখ টাকা

শাহজালালের মাজার
সিলেট, ১৯ সেপ্টেম্বর- হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স চতুর্থবারের মতো গণনা করা হয়েছে। ৩৪ দিন পর দানবাক্স খুলে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা। এ ছাড়া পাওয়া গেছে স্বর্ণ ও ১৫টি দেশের মুদ্রা।

শনিবার সন্ধ্যায় দানবাক্সে পাওয়া দানের হিসাব ঘোষণা করেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক (সিসিক) আবদুল কাইয়ূম চৌধুরী।

এর আগে সকাল ১০টা থেকে হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহে বসানো ৩টি দানবাক্স ও ৩টি ডেগ থেকে টাকা সংগ্রহ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্স ও ডেগের সিলগালা খুলে টাকা সংগ্রহ করা হয়। পরে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী দিনভর সেগুলো গণনা করেন। সন্ধ্যা ৬টার দিকে সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম প্রাপ্ত দানের হিসাব ঘোষণা করেন।

তিনি জানান, এবার দান হিসেবে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ, ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় রুপি ৩ হাজার ৯৫৪, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯.২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, আরব আমিরাতের ৫৭.২৫ দেহরাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১.৫০ রিয়াল, ৩০.১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান ও ইন্দোনেশিয়ার ৫ হাজার রূপিয়াহ পাওয়া গেছে।

এ ছাড়া দান হিসেবে ৬টি গরু ও ১১টি ছাগল পাওয়া গিয়েছিল। এর মধ্যে লঙ্গরখানায় খাবারের জন্য ৫টি গরু ও ৬টি ছাগল জবাই করা হয়েছে। ৪টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার স্টাফদের মজুরি দেওয়া হয়েছে। আর একটি করে গরু ও ছাগল গরিব দুই মেয়ের বিয়েতে দান করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ আগস্ট ৩৪ দিন পর তৃতীয়বারের মতো দানবাক্স খোলা হয়েছিল। ওই সময় পাওয়া গিয়েছিল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা।

এস এম/ ১৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language