জাতীয়

আশুলিয়ায় চায়ের দোকানে ফেলে যাওয়া প্রেশার কুকার থেকে শক্তিশালী বোমা উদ্ধার

ঢাকা, ৩১ জুলাই – রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল এই আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসটি নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, বোমাটি একটি প্রেশার কুকারের ভেতরে রাখা ছিল।

আশুলিয়া থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে এক ব্যক্তি চারাবাগ এলাকার একটি চায়ের দোকানে ৫০০ টাকার নোট ভাঙাতে আসেন। দোকানদার ভাঙতি দিতে না পারায় ওই ব্যক্তি কিছুক্ষণের জন্য তার ব্যাগটি দোকানে রেখে যাওয়ার অনুরোধ করে সেখান থেকে চলে যান। এক ঘণ্টা পার হওয়ার পরও তিনি ফিরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়।

বিশেষজ্ঞ দল জানায়, প্রেশার কুকারটির ভেতরে বিয়ারিংয়ের বল ও রাসায়নিক ব্যবহার করে এই শক্তিশালী বোমাটি তৈরি করা হয়েছিল।

শুক্রবার ভোরে পাশের একটি খালি মাঠে গর্ত খুঁড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি সীমানা প্রাচীর ধসে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ২৪ জুলাই মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকেও একটি পাইপ বোমা উদ্ধার করা হয়েছিল। পরিত্যক্ত একটি ছাতার ভেতরে থাকা ওই বোমাটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার দিন পাওয়া যায়। স্বরাষ্ট্রমন্ত্রী ওই ঘটনাকে কাকতালীয় হিসেবে অভিহিত করেছিলেন।

আশুলিয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনএন/ ৩১ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language