জাতীয়

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ, ৩১ জুলাই – হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় এই মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয় যে গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

বাদীর দাবি অনুযায়ী, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ছাত্রদল নেতাকর্মীরা সেখানে জড়ো হলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় জেলা ছাত্রদলের বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন বলে এজাহারে জানানো হয়েছে। এ ছাড়া সংঘর্ষের সময় বেশ কিছু আইফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

তবে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে এনসিপির পক্ষ থেকেও ছাত্রদলের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ করা হয়েছিল। এনসিপির দাবি অনুযায়ী, ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ তাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন এবং এক কর্মী দৃষ্টিশক্তি হারান।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান যে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button