বেলুচিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৩৪, নিখোঁজ অন্তত ৮

ইসলামাবাদ, ৩১ জুলাই – পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে পৃথক দুটি কয়লা খনিতে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার প্রদেশের কোয়েটা এবং হারনাই জেলায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮ জন শ্রমিক।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটার অদূরে সোরাঞ্জ নামক দুর্গম এলাকায় একটি কয়লা খনিতে মিথেন গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে।
খনির মালিক কুরবান জোগেজাই জানান, ঘটনার সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কর্মরত ছিলেন। তারা সবাই খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার অধিবাসী। বিস্ফোরণের পরপরই উদ্ধার কাজ শুরু করে বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শুক্রবারও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খনির ভেতরে আটকে পড়া বা নিখোঁজ থাকা সবাইকে উদ্ধার না করা পর্যন্ত এই অভিযান চলবে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই দিনে প্রদেশের হারনাই জেলার আরেকটি কয়লা খনিতে পাথরের স্তূপ ধসে পড়ে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
পাকিস্তানে খনি দুর্ঘটনার ঘটনা নতুন কিছু নয়। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক পদক্ষেপের অভাবে প্রায়ই সিন্ধু ও বেলুচিস্তানের কয়লা খনিগুলোতে শ্রমিকদের প্রাণহানি ঘটে। চলতি জুলাই মাসের শুরুর দিকেও সিন্ধুর থাট্টা জেলায় খনি ধসে ৪ জনের মৃত্যু হয়েছিল।
এনএন/ ৩১ জুলাই ২০২৬









