চট্টগ্রামের জুয়েলার্স থেকে আত্মসাৎ করা ৯৯ ভরি সোনা উদ্ধার, গ্রেফতার ৬

চট্টগ্রাম, ২১ আগস্ট – চট্টগ্রামের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকার একটি জুয়েলার্স থেকে আত্মসাৎ করা ৫৫টি সোনার চুড়ি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা এই সোনার মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি, যার বাজারমূল্য প্রায় কোটি টাকার উপরে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েলার্সের সেলসম্যানসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত নিউ কনক বাহার জুয়েলার্সের মালিক বিপ্লব বসাক গত ১৫ আগস্ট একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে নেমে পুলিশ গত ১৮ আগস্ট রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে প্রধান অভিযুক্ত রোমেন দে কে গ্রেফতার করে। রোমেন ওই জুয়েলার্সে দীর্ঘ ১২ থেকে ১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৪ আগস্ট দোকানের সোনার মজুত মেলাতে গিয়ে অসংগতি নজরে আসে কর্তৃপক্ষের। বিষয়টি জানাজানি হলে কৌশলে পালিয়ে যান রোমেন। পরে দেখা যায়, তার অধীনে থাকা সোনার চুড়ির বদলে বাক্সে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছে। গ্রেফতারের পর রোমেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সোনা আত্মসাতের কথা স্বীকার করেন।
রোমেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়া এলাকার মর্ডাণ ইরানী জুয়েলার্সের মালিক শ্যামল সিংহকে গ্রেফতার করা হয়। শ্যামল সিংহের কাছে ৪৬টি চুড়ি বন্ধক রাখা হয়েছিল বলে পুলিশ জানায়। পরবর্তীতে কোতোয়ালী ও চকবাজার এলাকার বিভিন্ন জুয়েলার্স ও বন্ধকী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আরও চুড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে এই অভিযানে ৫৫টি সোনার চুড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে পাঁচলাইশ থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
এনএন/ ২১ আগস্ট ২০২৬









