উত্তর আমেরিকা

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে মার্কিন জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করলেন হেগসেথ

হেগসেথ

ওয়াশিংটন, ২৯ অক্টোবর-পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী ও মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের আমলে বরখাস্ত হওয়া জেনারেলদের দীর্ঘ তালিকায় এটি সর্বশেষ ঘটনা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাটলান্টিকের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক প্রধানের পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল সিলভিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। পিট হেগসেথের অধীনে পদ থেকে অপসারিত হওয়া দ্বিতীয় জেনারেল তিনি। সামরিক মহলে তাঁর এই পদ ‘জে৫’ নামে পরিচিত।

জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র বলেন, দেশের জন্য ৩২ বছরের উল্লেখযোগ্য সেবার জন্য জয়েন্ট স্টাফের চেয়ারম্যান ও যৌথ বাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া এবং তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। জীবনের নতুন সুযোগ ও পরবর্তী অধ্যায়ের জন্য তাঁদের শুভকামনাও জানানো হয়েছে।

তবে সিলভিয়াকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি ট্রাম্প। তিনি শুধু ইঙ্গিত দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয়তো ‘কাজ শেষ করতে হবে’ অথবা তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হতে পারে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর ইরান যুদ্ধ শুরু হয়।

এস এম/ ২৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language