ইরানের সঙ্গে আলোচনায় বসতে মহসেন রেজায়িকে বৈঠকের প্রস্তাব ভ্যান্সের

ওয়াশিংটন, ,৩০ অক্টোবর-যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসেন রেজায়ির সঙ্গে কূটনৈতিক বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরমাণু ও অর্থনৈতিক উদ্বেগ নিরসনের লক্ষ্যেই এ বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত একজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে রেজায়ির কাছে একটি বিশেষ চিঠি পাঠান ভ্যান্স। ওই চিঠিতে দুই দেশের জাতীয় স্বার্থের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে, ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
বর্তমান পরিস্থিতিতে তেহরানের প্রধান স্বার্থের বিষয়গুলোও তুলে ধরেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেছেন, ইরানের প্রধান লক্ষ্য হলো যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তবে ভ্যান্স স্পষ্ট করে দিয়েছেন, পারমাণবিক বিষয়ে কার্যকর আলোচনা করতে সক্ষম এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদেরই শুধু তেহরানের পক্ষ থেকে আলোচনায় পাঠাতে হবে।
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মহসেন রেজায়িকে তেহরানের সঙ্গে জরুরি যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, রেজায়ি নিয়মিতভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ রাখেন।
এস এম/ ৩০ অক্টোবর ২০২৬







