জাতীয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি

বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা,৩০ অক্টোবর-জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের এই কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন খুঁজে বের করা, উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করা এবং এ ঘটনার কারণে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা নিরূপণ করতে কমিটিকে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে এ ত্রুটি দেখা দেয়।

এস এম/ ৩০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language