বিমানে যান্ত্রিক ত্রুটি, সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,৩০ অক্টোবর-বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জাপান থেকে দেশে ফিরতে দেরি হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘জাপান থেকে ফেরার আগে বিমানে সামান্য ত্রুটি দেখা দিয়েছিল। তবে প্রধানমন্ত্রী চাইলে জাপান থেকে অন্য কোনো বিমানে দেশে ফিরতে পারতেন। কিন্তু সবাইকে সেখানে রেখে তিনি তা করতে চাননি। ওই সময় প্রধানমন্ত্রী বিমানের অন্য যাত্রীদের কাছে গিয়ে কথা বলেছেন এবং তাঁদের আশ্বস্ত করেছেন। সবাইকে সঙ্গে নিয়েই তিনি দেশে ফিরেছেন।’
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘জাপান থেকে বিমান ছাড়ার আগে পর্যবেক্ষণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এটি বড় কোনো সমস্যা ছিল না। পরে সফটওয়্যারের মাধ্যমে দ্রুত সমস্যাটির সমাধান করা হয়।’
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন বলেও জানান আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘তিনি তাৎক্ষণিকভাবে বিমানের যাত্রীদের আশ্বস্ত করেন। বিশেষ করে শিশুরা যেন কান্নাকাটি না করে এবং ভালোভাবে দেশে ফিরতে পারে, সে বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন।’
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চার দিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাপান সফরের সময় প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।
এস এম/ ৩০ অক্টোবর ২০২৬







