আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা,২৯ অক্টোবর=গত ১৭ বছরে ধ্বংস হয়ে যাওয়া স্বাস্থ্য খাতে আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত করা হবে।
তিনি বলেন, মানসিক রোগীদের জন্য শয্যা ও চিকিৎসাসেবা বাড়াতে নতুন হাসপাতাল তৈরির কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদনমূলক কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
এস এম/ ২৯ অক্টোবর ২০২৬







