মরক্কোর বিপক্ষে ড্রয়ে ব্রাজিলে সমালোচনার মুখে কোচ আনচেলত্তি

ওয়াশিংটন, ১৫ জুন – উত্তর আমেরিকায় মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচে ভিনিসিউস জুনিয়রের গোলে কোনোমতে হার এড়ালেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না ভক্ত ও বিশ্লেষকরা।
বিশেষ করে প্রথমার্ধের অগোছালো খেলা সবার মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম ও বিশ্লেষক এখন কোচের শুরুর একাদশ এবং ম্যাচের কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন।
এই সমালোচনার তালিকায় রয়েছেন,
- কাসেমিরো,
- ইবানেজ,
- লুকাস পাকেতা এবং
- ইগো চিয়াগোর মতো ফুটবলাররা।
ব্রাজিলিয়ান দৈনিক ইউওএলের কলামিস্ট পাওলো ভিনিসিউস কোলেইও অভিজ্ঞ কাসেমিরোর ধীরগতির খেলার কড়া সমালোচনা করেছেন। ও এস্তাদো দে সাও পাওলো-এর বিশ্লেষক মাওরো বেতিং দলের এই ব্যর্থতার জন্য সরাসরি কোচের সিদ্ধান্তকে দায়ী করেছেন।
বিশ্লেষক ফাবিও ফ্রাঙ্কার মতে এটি ছিল ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হারের পর ব্রাজিলের সবচেয়ে বাজে প্রথমার্ধ। গ্লোবোর কলামিস্ট কার্লোস এদুয়ার্দো মানসুর রক্ষণভাগের দুর্বলতার বিষয়টি তুলে ধরেছেন। এমনকি সাবেক ফুটবলার ফেলিপে মেলো একাদশ নির্বাচন নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন।
বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণে ব্রাজিলকে এখন দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। আগামী শুক্রবার তারা হাইতির মুখোমুখি হবে এবং এরপর ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এস এম/ ১৫ জুন ২০২৬









