মোদী-ম্যাক্রোঁ বৈঠক: ফরাসি প্রেসিডেন্টের শেয়ার করা ভিডিওতে বলিউডের সুর

প্যারিস, ১৫ জুন – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ফ্রান্স সফর করছেন। সপ্তাহব্যাপী এই সফরে তিনি দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি জি-৭ সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার বৈঠকের কথা রয়েছে।
ফরাসি শহর নিস থেকে নরেন্দ্র মোদীর এই সফর শুরু হয়। সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই নেতা যৌথভাবে ভারত ইনোভেটস ২০২৬ সম্মেলনের উদ্বোধন করেন এবং মোদী গ্লোবাল এআই সামিটেও অংশ নেন।
চলতি বছরের শুরুতে ম্যাক্রোঁর ভারত সফরের পর দুই দেশের সম্পর্ক বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর এটিই তাদের প্রথম বৈঠক। আলোচনায় প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি এবং উদ্ভাবনসহ নানা বিষয় গুরুত্ব পায়।
তবে গম্ভীর কূটনৈতিক আলোচনার মাঝে নজর কেড়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এক ব্যতিক্রমী উদ্যোগ। মোদীর সফরের বিশেষ মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন যেখানে আবহ সংগীত হিসেবে বেজেছে বলিউডের জনপ্রিয় গান আরি আরি।
ভারতের প্রতি ম্যাক্রোঁর এমন আন্তরিকতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ম্যাক্রোঁর এই আন্তরিকতাকে সাধুবাদ জানিয়েছেন।
এর আগেও ম্যাক্রোঁর ভারত সফরের সময় এমন বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই হৃদ্যতা কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এস এম/ ১৫ জুন ২০২৬









