জাতীয়
সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঢাকা, ১৫ জুন – ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী।
আজ সোমবার ১৫ জুন বিকেল ৫টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এছাড়াও জোটে অন্তর্ভুক্ত অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। আয়োজকরা জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনমত গঠনের লক্ষ্যেই এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
এস এম/ ১৫ জুন ২০২৬









