ফুটবল

কুরাসাওকে গোলবন্যায় ভাসিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল জার্মানি

বার্লিন, ১৫ জুন – বিগত দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার বিষাদ কাটিয়ে এবার দুর্দান্ত এক জয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের যাত্রা শুরু করল জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও এখন চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দখলে।

ম্যাচে সাতটি গোল করার মাধ্যমে বিশ্বকাপে জার্মানির সর্বমোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ এ। এর আগে ২৩৮ গোল নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কুরাসাওয়ের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা সেই ঐতিহাসিক রেকর্ড নিজেদের করে নিয়েছে।

উল্লেখ্য যে ১৫২ গোল নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা। রেকর্ড গড়ার এই ম্যাচে জার্মানির হয়ে সাতটি গোল করেছেন ভিন্ন ছয়জন ফুটবলার।

ম্যাচের শুরুতেই ফেলিক্স এনমেচার গোলে লিড নেয় জার্মানরা। তবে বিশ্বকাপের অভিষেক ম্যাচ খেলতে নামা কুরাসাও দ্রুতই পাল্টা আক্রমণ চালায়। ম্যাচের ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে ক্যারিবীয় অঞ্চলের দলটি। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি জার্মানি।

৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের নিখুঁত হেডে আবারও এগিয়ে যায় তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ এ নিয়ে যান কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ছিল জার্মানদের দাপট।

ম্যাচের ৫২ মিনিটে জালের দেখা পান জামাল মুসিয়ালা। এরপর ব্যবধান বাড়াতে গোল উৎসবে যোগ দেন নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভ।

ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করে স্কোরলাইন ৭-১ করেন কাই হাভার্টজ। এর মাধ্যমে জার্মানি শুধু বড় জয়ই পায়নি বরং বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাসও গড়েছে।

এনএন/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language