ফুটবল

গোলরক্ষক নিয়ে ‘মধুর সমস্যায়’ স্পেন কোচ দে লা ফুয়েন্তে

মাদ্রিদ, ১৫ জুন – আগামী বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে গোলরক্ষক নির্বাচন নিয়ে এক ধরনের মধুর সমস্যায় পড়েছে স্পেন। ইউরো ২০২৪ এর শিরোপা জয়ের অন্যতম নায়ক উনাই সিমন যেমন ফর্মে আছেন, তেমনি ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন ডেভিড রায়া।

তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন বার্সেলোনার তরুণ গোলরক্ষক হোয়ান গার্সিয়া, যিনি গত মৌসুমে ক্লাব ফুটবলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। ডেভিড রায়া গত কয়েক মৌসুমে আর্সেনালের রক্ষণভাগে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। ২০২৫-২৬ মৌসুমে গানারদের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ পর্যায়ে তার ভূমিকা ছিল অনবদ্য।

তবে এত সাফল্যের পরও স্পেনের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে এখনো অ্যাথলেটিক ক্লাবের উনাই সিমনের পাল্লাই ভারী। দলে এই তুমুল প্রতিযোগিতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ডেভিড রায়া। তিনি জানিয়েছেন যে, নিজেদের মধ্যে এই লড়াই প্রত্যেককে আরও উন্নত হতে সহায়তা করে।

মাঠে যিনিই সুযোগ পান না কেন, তার প্রধান লক্ষ্য থাকবে দলের জন্য সেরাটা উজাড় করে দেওয়া। অন্যদিকে, বার্সেলোনার তরুণ প্রতিভা হোয়ান গার্সিয়াও বর্তমানে স্প্যানিশ ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচিত এই গোলরক্ষক স্কোয়াডে থাকায় কোচ দে লা ফুয়েন্তের হাতে বিকল্প বেড়েছে।

বিশ্বকাপের শুরুতে তার মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকলেও তার উপস্থিতি দলের ভেতরের প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দিয়েছে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে এখন তিন মানসম্পন্ন গোলকিপারের মধ্য থেকে সেরা একজনকে বেছে নেওয়ার চ্যালেঞ্জে আছেন।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন নির্ভরযোগ্য বিকল্প থাকা নিঃসন্দেহে দলের জন্য বড় স্বস্তির খবর। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে উনাই সিমনকেই হয়তো দেখা যাবে স্পেনের গোলবারের নিচে।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language