জাতীয়

রিমান্ডে নিলে বাসে ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, বের হবে: রাশেদ খাঁন

রাশেদ খাঁন

ঢাকা, ২২ সেপ্টেম্বর- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি হঠকারী বিরোধী দল এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী দল। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করেই বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বাসে ককটেল হামলা করছে কারা, তা বের হয়ে আসবে। দেশকে অস্থিতিশীল করার জন্য জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে বাস-ট্রেনে আগুন এবং ককটেল হামলা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে ১১ দলীয় জোট আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়।

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির বিষয়ে রাশেদ খাঁন বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি স্বাভাবিক নয়। জুলাইয়ের আন্দোলনের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরই সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। সরকারের উদ্যোগের ফলে আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না বলেও তিনি জানান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।

এস এম/ ২২ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language