ফুটবল

বিশ্বকাপে নেই চীন, তবে রেফারি মা নিংকে নিয়ে সমর্থকদের মাঝে তুমুল উন্মাদনা

বেইজিং, ১৫ জুন – ফুটবল বিশ্বকাপে চীনের কোনো জাতীয় দল নেই, তবুও এক রেফারিকে ঘিরেই নতুন উন্মাদনায় মেতেছে সে দেশের ফুটবলপ্রেমীরা। ২০২৬ ফিফা বিশ্বকাপে চীনের একমাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ রেফারি মা নিং।

মাঠে কঠোর মেজাজ এবং নির্ভুল সিদ্ধান্তের জন্য পরিচিত এই রেফারি এখন সে দেশের ফুটবল সমর্থকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। চীনের ঘরোয়া লিগে এক সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মা নিং। বিশেষ করে ২০১৫ সালের একটি ম্যাচে নয়টি হলুদ ও তিনটি লাল কার্ড দেখিয়ে তিনি আলোচনার জন্ম দেন।

তখন থেকেই তার নামের সাথে কার্ড মাস্টার তকমাটি জুড়ে যায়। তবে সময়ের পরিক্রমায় সেই সমালোচনা এখন গর্বে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও ইতিবাচক মন্তব্য।

অনেক সমর্থক কৌতুক করে বলছেন,

অন্য দেশের দর্শকরা যখন নিজেদের দলের খেলা দেখে, তখন তারা দেখেন তাদের রেফারি কতজনকে কার্ড দেখাচ্ছেন। এই জনপ্রিয়তাকে পুঁজি করে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসছে। লেনেভো ও হাইসেন্সের মতো ব্র্যান্ডগুলো বিশ্বকাপের আগেই মা নিংয়ের সঙ্গে চুক্তি করেছে।

এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কয়েক গুণ বেড়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসময় দেশের ফুটবল নিয়ে বড় স্বপ্ন দেখেছিলেন। বিশ্বকাপে খেলা, আয়োজন এবং শিরোপা জেতার লক্ষ্য থাকলেও সেই স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে।

ফলে জাতীয় দলের অনুপস্থিতিতে চীনের ফুটবলপ্রেমীরা মা নিংয়ের মাঝেই এখন নতুন আনন্দ খুঁজে নিচ্ছেন। তাদের দৃষ্টি এখন মাঠে খেলোয়াড়দের দিকে নয়, বরং মা নিংয়ের পকেট থেকে বের হওয়া কার্ডের দিকেই নিবদ্ধ।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language