আইন-আদালত

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ে আপিল বিভাগের স্থগিতাদেশ

ঢাকা, ৯ জুন – সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে সকালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। গত ২১ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ৭ এপ্রিল হাইকোর্টের ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দিয়েছিলেন।

রায়ে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিধানটি বাতিল করেন হাইকোর্ট। এর ফলে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের বদলি, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হয়।

একইসঙ্গে অধস্তন আদালতের জন্য ২০১৭ সালে করা শৃঙ্খলাবিধিও বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের সাত আইনজীবী একটি রিট দায়ের করেন।

আইনজীবীদের দাবি অনুযায়ী,

১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপের সুযোগ থাকে যা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে। ১৯৭২ সালের সংবিধানে এই দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকলেও পরবর্তীতে সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language