আইন-আদালত

দীপু মনির ৫ মামলায় হাইকোর্টের রুল: কেন দেওয়া হবে না জামিন?

ঢাকা, ১৭ আগস্ট – সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার পাঁচ মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. খায়েরুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল প্রদান করেন। আদালতে ডা. দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, রাজধানীর আদাবর, বাড্ডা ও শাহবাগ থানার দুটি এবং গাজীপুরের গাছা থানার একটি মামলায় এই রুল জারি করা হয়েছে। এছাড়া পূর্বে দায়ের করা ১৬টি মামলায় জারি করা রুল শুনানির জন্যও দিন ধার্য করেছেন আদালত।

জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার জানান, এখন পর্যন্ত ডা. দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য যে, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ডা. দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language