শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে: চিফ প্রসিকিউটর

ঢাকা, ১৭ আগস্ট – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থান সম্পর্কে বাংলাদেশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন যে শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে।
ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে শেখ হাসিনাকে হস্তান্তরের ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজনীয়তার কথা বলা হলেও আমিনুল ইসলাম জানান যে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি বিস্তারিত কিছুই উল্লেখ করেনি। শেখ হাসিনা সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা অন্য কোনো বিশেষ স্ট্যাটাসে অবস্থান করছেন সেটি পরিষ্কার নয়।
ফলে ওই প্রতিবেদনের ভিত্তিতে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তিনি আরও বলেন যে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় এক হাজার চারশ মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এই নৃশংস অপরাধের দায় আসামিদের নিতে হবে এবং ট্রাইব্যুনাল তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন বলে তিনি প্রত্যাশা করেন।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬









