সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

ঢাকা, ১৭ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে সোমবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক নো অর্ডার আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।
আইনজীবীরা জানিয়েছেন, জামিন বহাল থাকায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই। এর আগে গত ১০ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন।
উল্লেখ্য যে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬







