আইন-আদালত

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় দীপু মনিসহ ৮ জনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ঢাকা, ১৬ আগস্ট – রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ আট আসামিকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ প্রদান করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আদালত সূত্রে জানা গেছে, এদিন মোট নয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আগেই গ্রেফতার দেখানো হয়েছিল।

নতুন করে যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং পুলিশের সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানিয়েছেন, বিভিন্ন মামলায় আগে থেকেই কারাগারে থাকা এই নয় আসামিকে ট্রাইব্যুনালের নির্দেশে আদালতে হাজির করা হয়। আদালত তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।

আগামী ৩ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০ জন আসামির বিষয়ে পুলিশ প্রতিবেদন দিলেও বাকি ১০ জনের বিষয়ে তথ্য আগামী ৩ সেপ্টেম্বর জমা দিতে বলা হয়েছে।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language