চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ থেকে ডিজেল খালাস শুরু

চট্টগ্রাম, ২০ এপ্রিল – দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বড় দুটি জ্বালানিবাহী জাহাজ। বর্তমানে বন্দরের ডলফিন জেটিতে জাহাজ দুটি থেকে ডিজেল খালাসের কার্যক্রম চলছে। সোমবার এই জাহাজ দুটি বন্দরে নোঙর করে। সংশ্লিষ্ট বন্দর সূত্রে জানা গেছে, এমটি ওকট্রি নামের একটি জাহাজে প্রায় ৩৫ হাজার টন এবং এমটি কেপ বনি নামের অপর একটি জাহাজে প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসা হয়েছে।
এই বিশাল পরিমাণ জ্বালানি খালাস করার ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, ইতোমধ্যে আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।
এর মধ্যে ৪১ হাজার টন ডিজেলবাহী এমটি লিয়ান সং হু, ৩৩ হাজার টন ডিজেলবাহী এমটি প্যাসিফিক ইন্ডিগো এবং ২৭ হাজার টন অকটেন নিয়ে এমটি নাভে চিয়েলো দেশের পথে রয়েছে। জাহাজগুলো থেকে পর্যায়ক্রমে জ্বালানি তেল খালাস করে দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হবে। এর ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি দীর্ঘমেয়াদে স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









