আসাম, কেরালা ও পুদুচেরিতে উৎসবমুখর পরিবেশে বিধানসভার ভোটগ্রহণ চলছে

আসাম, ৯ এপ্রিল – ভারতের আসাম, কেরালা এবং পুদুচেরি অঞ্চলে আজ বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আসামে ১২৬টি, কেরালায় ১৪০টি এবং পুদুচেরিতে ৩০টি আসনে ভোট নেওয়া হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের দীর্ঘ সারি ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
কেন্দ্রগুলোতে সরাসরি সম্প্রচার ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসামে ১৭ দশমিক ৮৭ শতাংশ, কেরালায় ১৬ দশমিক ২৩ শতাংশ এবং পুদুচেরিতে ১৭ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে। কেরালায় মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড গণতান্ত্রিক ফ্রন্টের মধ্যে। সেখানে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটও কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই রাজ্যে প্রায় ২ কোটি ৭১ লাখ ভোটার ১৪০টি আসনে ৮৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টানা তৃতীয়বার ক্ষমতায় আসার ব্যাপারে প্রবল আশাবাদী। আসামে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট এবং কংগ্রেস জোটের মধ্যে। রাজ্যটিতে ২ কোটি ৫০ লাখ ভোটার ১২৬টি আসনের প্রার্থীদের ভোট দিচ্ছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুনরায় ক্ষমতায় আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের নেতৃত্বে বিরোধী জোটও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।
এছাড়া পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এবং কংগ্রেস ও দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম নেতৃত্বাধীন জোটের মধ্যে মূল লড়াই সীমাবদ্ধ। সেখানে প্রায় ৯ লাখ ৫০ হাজার ভোটার ৩০টি আসনের বিপরীতে ২৯৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। বর্তমান মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী আবারও ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী।
অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাঝাগাম প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বেশ আলোচনায় এসেছে। এই তিন অঞ্চলের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ভারতের আরও পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গোয়ার পন্ডা, কর্ণাটকের বাগলকোট ও দেবানগেরে দক্ষিণ, নাগাল্যান্ডের করিডাং এবং ত্রিপুরার ধর্মনগর আসন উল্লেখযোগ্য। আগামী ৪ মে সবকটি নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









