দক্ষিণ এশিয়া

আফগান সীমান্তে পাকিস্তানের হামলা: নিহত ৭, বিপন্ন শান্তি প্রক্রিয়া

কাবুল, ২৯ এপ্রিল – আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে দীর্ঘ এক মাসের বিরতির পর পুনরায় সহিংসতা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আফগান সীমান্ত প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। তারা দাবি করেন যে সোমবার আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে একটি বিশ্ববিদ্যালয় ও বসতবাড়ি লক্ষ্য করে মরটার ও রকেট হামলা চালায় পাকিস্তান।

কুনার প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা মুজাফফর মুখলিস জানিয়েছেন যে সীমান্ত এলাকা ও আসাদাবাদ থেকে ৭ জনের মরদেহ এবং ৮৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে এবং তারা সবাই সাধারণ নাগরিক।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের শুরুতে চীনের মধ্যস্থতায় শান্তি আলোচনা হওয়ার পর এটিই প্রথম বড় ধরনের সহিংসতার ঘটনা।

আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান যে আসাদাবাদসহ বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক নাজিবুল্লাহ হানাফি নিশ্চিত করেছেন যে হতাহতদের মধ্যে নারী ও শিশু ছাড়াও সৈয়দ জামালউদ্দিন আফগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা রয়েছেন।

আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ জন সদস্য আহত হয়েছেন। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তাদের অভিযান ছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়নি।

ইসলামাবাদের দাবি আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে চীন কাতার ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা করলেও সোমবারের হামলার পর শান্তি প্রক্রিয়া পুনরায় অনিশ্চয়তার মুখে পড়েছে।

জাতিসংঘের তথ্য অনুসারে এই সীমান্ত সংঘাতের কারণে এ পর্যন্ত প্রায় ৯৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language