দক্ষিণ এশিয়া

ইরানকে বড় স্বস্তি দিয়ে ৬টি বিকল্প স্থলপথ ব্যবহারের অনুমতি দিল পাকিস্তান

ইসলামাবাদ, ৩০ এপ্রিল – মার্কিন অর্থনৈতিক অবরোধের মুখে থাকা ইরানকে স্বস্তি দিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি ইরানকে ছয়টি বিকল্প স্থলপথ ব্যবহারের অনুমতি প্রদান করেছে যার মাধ্যমে তেহরান এখন সমুদ্রপথের ওপর নির্ভরতা কমিয়ে রাশিয়া ও চীনসহ বিভিন্ন দেশের সাথে বাণিজ্য অব্যাহত রাখতে পারবে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডেরেক জে গ্রসম্যান এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের দ্বিমুখী আচরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন এই স্থলপথগুলো ব্যবহার করে ইরান তার জ্বালানি তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের বাণিজ্য সচল রাখবে। এই ঘটনার প্রেক্ষিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার পাকিস্তানের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে ইরানও পাকিস্তানের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন পাকিস্তান অনেক ক্ষেত্রেই মার্কিন স্বার্থকে প্রাধান্য দেয় বিধায় তারা উপযুক্ত মধ্যস্থতাকারী হতে পারে না। বর্তমানে সমুদ্রপথে অবরোধের কারণে পাকিস্তানের বন্দরগুলোতে ইরানের উদ্দেশে আসা তিন হাজারেরও বেশি পণ্যবাহী কন্টেইনার আটকে রয়েছে। এই নতুন ছয়টি রুট চালুর ফলে এখন থেকে সড়কপথেই এসব পণ্য ইরানে পৌঁছানো সম্ভব হবে যা ওয়াশিংটনের নেওয়া অবরোধ কৌশলে বড় ফাটল ধরাবে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language