ফুটবল

ফিফা কংগ্রেসে ইসরায়েলি প্রতিনিধির সাথে হাত মেলাতে অস্বীকৃতি ফিলিস্তিনি ফুটবল প্রধানের

গাজা, ১ মে – কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার সর্বশেষ কংগ্রেসে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি এলাকায় ক্লাব কার্যক্রম চালানোকে ফিফার নীতিমালাবিরোধী আখ্যা দিয়ে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। ফিফার ৭৬তম কংগ্রেসে গত বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আহ্বানে মঞ্চে ওঠেন জিবরিল রাজুব ও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বাসিম শেখ সুলাইমান।

তবে সুলাইমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান রাজুব, যা পুরো কংগ্রেসে উত্তেজনার সৃষ্টি করে। ফিফার পক্ষ থেকে দুই পক্ষকে কাছাকাছি আনার চেষ্টা করা হলেও রাজুব তাতে সাড়া দেননি। পরবর্তীতে বক্তব্য প্রদানকালে রাজুব অভিযোগ করেন যে, পশ্চিম তীরে ক্লাব পরিচালনার মাধ্যমে ইসরায়েল ফিফার বৈষম্যবিরোধী নীতিমালা লঙ্ঘন করছে। তিনি উল্লেখ করেন যে, ফিফা ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি এখন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস এ নিয়ে গেছে। গত ২০ এপ্রিল এই আপিলটি দায়ের করা হয়।

ইতিপূর্বে গত মার্চ মাসে ফিফা জানিয়েছিল যে, আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরের বসতিগুলোর চূড়ান্ত অবস্থান অনির্ধারিত থাকায় তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। তবে পৃথক অভিযোগে বৈষম্য ও বর্ণবাদী আচরণের দায়ে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লক্ষ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছিল। ফিফা সভাপতি উভয় পক্ষকে একত্রে কাজ করার আহ্বান জানালেও রাজুব মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের সদস্যপদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়ারিভ টেপার জানান, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তারা ফুটবলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language