৪ দফা কমার পর দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

ঢাকা, ১ মে – টানা চার দফা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের নতুন এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর করা হয়েছে। বাজুস নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে একই দিন সকালে স্বর্ণের দাম একবার কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় দাম বাড়ানোর ঘোষণা দিল জুয়েলার্স মালিকদের এই সংগঠনটি।
এস এম/ ১ মে ২০২৬









