অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা

ঢাকা, ৯ আগস্ট – বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি চলতি আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এতে প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।
গত রোববার এক বার্তার মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিইআরসি। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম প্রতি লিটার শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বড় আকারে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৭ এপ্রিলও জ্বালানির দাম বৃদ্ধি করা হয়। তবে মে ও জুন মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম কয়েক দফায় কমানো হয়েছিল।
সর্বশেষ আগস্ট মাসে এসে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিল নিয়ন্ত্রণ সংস্থাটি।
এনএন/ ৯ আগস্ট ২০২৬









