ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা: তাতারস্তানে শিশুসহ নিহত অন্তত ১৩

মস্কো, ১১ আগস্ট – গত কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। এই ধারাবাহিকতায় এবার মধ্য রাশিয়ার তাতারস্তান অঞ্চলে বড় ধরনের আক্রমণ চালিয়েছে কিভ। চার বছরব্যাপী যুদ্ধের মধ্যে একে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তাতারস্তানের নিজনেকামস্ক শহরের শিল্পাঞ্চলে চালানো এই হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৭৫ জন। সোমবার সকালে ইউক্রেনীয় বাহিনী তাতারস্তানের নিজনেকামস্ক এলাকায় ড্রোন হামলা চালায়।

প্রায় আড়াই লক্ষ মানুষের আবাসস্থল এই শহরটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। এখানে দুটি বড় তৈল শোধনাগার এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানা অবস্থিত। মূলত রাশিয়ার জ্বালানি অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিভের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের হামলায় তানেকো তৈল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে রাশিয়ার সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। সাম্প্রতিক সময়ে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার গভীরে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। এমনকি রাশিয়ার ২ হাজার কিলোমিটার অভ্যন্তরেও ইউক্রেনীয় ড্রোন পৌঁছাতে সক্ষম হয়েছে।

তাতারস্তানের স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে হামলায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে হামলার পর তৈল শোধনাগারের চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনের ৪৫৬টি ড্রোন ধ্বংস করেছে। তবে এর মধ্যে কতটি ড্রোন লক্ষ্যে আঘাত হেনেছে তা পরিষ্কার করেনি মস্কো। হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের খারকিভ অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়েছে রাশিয়া। সেখানে একটি গ্রামে রুশ গোলার আঘাতে পাঁচটি বাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

এস এম/ ১১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language