নয়াপল্টনে আজ বিএনপির শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

ঢাকা, ১ মে – আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ ১ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানী ঢাকায় এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা।
আজ দুপুর ২টা ৩০ মিনিটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান যে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
শ্রমিক দলের পক্ষ থেকে সমাবেশের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। দলীয় নেতারা আশা করছেন যে ঢাকা মহানগরী এবং আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করবেন। তাদের মতে এবারের মে দিবসের সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে।
এনএন/ ১ মে ২০২৬









