জাতীয়

ঢাকায় মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

ঢাকা, ১ মে – রাজধানী ঢাকায় আজ শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ভোর ৫টা থেকে শুরু হয়ে টানা দুই ঘণ্টা চলা এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে কর্মমুখী মানুষের পাশাপাশি সাধারণ পথচারীদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টির ফলে ঢাকার তাপমাত্রা বেশ কমেছে। তবে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ভোর থেকে হওয়া এই ভারী বৃষ্টির প্রভাবে কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মিরপুর, মগবাজার, মৌচাক এবং মালিবাগসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুপানি জমতে দেখা গেছে।

মৌচাক মোড়ে দায়িত্বরত এক কর্মজীবী জানান, বৃষ্টির কারণে অলিগলি থেকে শুরু করে মূল সড়ক সবখানি পানি থৈ থৈ করছে। নোংরা ও অস্বাস্থ্যকর পানি মাড়িয়েই অনেককে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

এদিকে জলাবদ্ধতার কারণে যানবাহন সংকট প্রকট আকার ধারণ করেছে। মে দিবসের ছুটি হওয়ায় গণপরিবহনের সংখ্যাও আজ বেশ কম। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেককে চড়া ভাড়ায় রিকশা বা বিকল্প বাহন ব্যবহার করতে হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে এই বৃষ্টিপাত স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। ঢাকা ছাড়াও ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

এনএন/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language