দক্ষিণ এশিয়া

পাকিস্তানে আকাশছোঁয়া জ্বালানি তেলের দাম: পেট্রোল-ডিজেলে বড় উল্লম্ফন

ইসলামাবাদ, ১ মে – হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলাবস্থার প্রভাবে তেলবাহী জাহাজ পৌঁছাতে না পারায় পাকিস্তানে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির কেন্দ্রীয় সরকার সাধারণ গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের দামে ব্যাপক বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম বিভাগ থেকে জারি করা এক বিবৃতিতে এই নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

নতুন দর অনুযায়ী প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম ৩৯৯ দশমিক ৫৮ রুপি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ৩৯৩ দশমিক ৮৬ রুপিতে। এর আগে প্রতি লিটার ডিজেল ৩৮০ দশমিক ১৯ রুপি এবং পেট্রোল ৩৩৯ দশমিক ৩৫ রুপিতে বিক্রি হচ্ছিল।

সরকারি হিসাব মতে লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ১৯ দশমিক ৩৯ রুপি এবং পেট্রোলের দাম বেড়েছে ৬ দশমিক ৫১ রুপি। গত ১ মে থেকে দেশজুড়ে এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।

দাম বাড়ানোর পাশাপাশি কর কাঠামোতেও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ইসলামাবাদ। লিটারপ্রতি ডিজেলের ওপর প্রথমবারের মতো ২৮ দশমিক ৬৯ রুপি কর আরোপ করা হয়েছে। তবে পেট্রোলের ওপর ধার্য কর কিছুটা কমানো হয়েছে।

ইতিপূর্বে পেট্রোলের ওপর ১০৩ দশমিক ৫০ রুপি কর থাকলেও তা থেকে ৩ দশমিক ৮৮ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম বিভাগ।

এনএন/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language