উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৩, আটকা ৮

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি – ভূমিকম্পের পর ভারতে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে আটজন চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এ ঘটনা ঘটে।
এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, লখনৌর হজরতগঞ্জে ধসেপড়া ভবনে অন্তত চারটি পরিবার আটকে আছে। এরই মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। ভবনটি পুরোনো ছিল। তবে এটি ভূমিকম্পের প্রভাবে ধসে পড়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক। তিনি উদ্ধার কাজের তদারকি করছেন।
এর আগে নেপালে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যান প্রভাবে পড়ে প্রভাব ভারতেও। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভিন্ন ভিন্ন স্থান ও সংস্থার পরিমাপে ভূমিকম্পের মাত্রায় ভিন্নতা অস্বাভাবিক কিছু নয়।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৪ জানুয়ারি ২০২৩









