দক্ষিণ এশিয়া

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়, সরকার গঠনে ভিসিকে-র নিঃশর্ত সমর্থন

চেন্নাই, ৯ মে – ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলা নাটকীয়তার অবসান হতে যাচ্ছে। ভিসিকে নামক একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে-কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজ্যটির মুখ্যমন্ত্রী হতে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে যে ভিসিকে-র পক্ষ থেকে এই সমর্থনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারের নির্বাচনে ভিসিকে দুটি আসনে জয়লাভ করেছে এবং তাদের দুই বিধায়ক টিভিকে-র সাথে যোগ দিতে যাচ্ছেন। এর আগে গত শুক্রবার সমর্থনের কথা উঠলেও রাজ্যপালকে কোনো আনুষ্ঠানিক চিঠি না দেওয়ায় এক ধরণের সংকট তৈরি হয়েছিল।

পরবর্তীতে জানা যায় ভিসিকে প্রথমে উপমুখ্যমন্ত্রীর পদ এবং পরে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দাবি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা নিঃশর্ত সমর্থন দিতে রাজি হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১৮টি আসন প্রয়োজন।

নির্বাচনে থালাপতি বিজয়ের টিভিকে একক দল হিসেবে ১০৮টি আসন পাওয়ায় সরকার গঠনের জন্য তাদের আরও ১০টি আসনের প্রয়োজন ছিল। থালাপতির দলের সাথে ভারতীয় কংগ্রেস ছাড়াও সিপিআই ও সিপিআই (এম) জোট গঠন করতে যাচ্ছে। ভিসিকে-র দুটি আসন যুক্ত হওয়ায় তাদের মোট আসন সংখ্যা ১১৮-তে পৌঁছেছে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language