দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের অভিযোগ, পুলিশের অস্বীকার

নয়াদিল্লি, ২৪ জুলাই – ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর ছররা গুলি বা পেলেট গান ব্যবহারের অভিযোগ উঠেছে। দিল্লির একটি সরকারি হাসপাতালের চিকিৎসা প্রতিবেদনে এক আন্দোলনকারীর শরীরে ছররা গুলির আঘাতের প্রমাণ পাওয়ার পর এই বিতর্ক শুরু হয়। যদিও দিল্লি পুলিশ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সফদরজং হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিক্ষোভে অংশ নেওয়া ২৮ বছর বয়সী এক যুবকের শরীরে ছররা গুলির একাধিক টুকরো পাওয়া গেছে। ওই ব্যক্তির ডান কনুই ও পিঠে ক্ষত রয়েছে।
হাসপাতালের কেস শিটে উল্লেখ করা হয়েছে যে ক্ষতের চারপাশের চামড়া কালো হয়ে গেছে এবং সেখানে ধাতব টুকরো আটকে রয়েছে।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুলাই পার্লামেন্ট অভিমুখে মিছিল করে সিজেপি। পুলিশ সেই মিছিল ছত্রভঙ্গ করতে অতিরিক্ত বলপ্রয়োগ করে বলে অভিযোগ উঠেছে।
ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই ঘটনাকে সরকারের কাপুরুষতা হিসেবে আখ্যা দিয়েছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সাহিল লোচাব নামের এক কিশোরসহ আরও কয়েকজন ছররা গুলিতে গুরুতর আহত হয়েছেন। সাহিলের চোখে ও শরীরের বিভিন্ন অংশে একাধিক ছররা বিদ্ধ হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
এনএন/ ২৪ জুলাই ২০২৬









