দক্ষিণ এশিয়া

প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থার কথা ভিডিও বার্তায় যা বললেন নরেন্দ্র মোদি

নয়া দিল্লি, ২৪ জুলাই – ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন এ ধরনের অপরাধ দমনে তার সরকার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দিল্লি হাইকোর্ট একটি ফাস্ট ট্রাক আদালত গঠনের ঘোষণা দিয়েছে।

মোদি তার বক্তব্যে বলেন প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয় বরং এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগের কারণ। তিনি উল্লেখ করেন যে গত আড়াই মাসে দোষীদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর মতে শিক্ষার্থীদের একটি বছরও যেন নষ্ট না হয় তা নিশ্চিত করাই সরকারের বড় দায়িত্ব। প্রধানমন্ত্রী মোদি আরও জানান যে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষার সুব্যবস্থা করতে সরকার তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে।

তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং মন্ত্রিসভার অনুমোদনের পর পার্লামেন্টে দ্রুত বিলটি পাসের চেষ্টা করা হবে বলে জানান।

এস এম/ ২৪ জুলাই ২০২৬


Back to top button