দিল্লিতে ছাত্র বিক্ষোভের মুখে ভারতের শিক্ষা সচিব অপসারিত, অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৪ জুলাই – ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বর্তমানে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিনীত যোশির স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙওয়ার।
এর আগে তিনি মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার প্রশাসনিক এই রদবদলের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে প্রশাসনিক পর্যায়ে এই পরিবর্তনের পরেও আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে কোনো শিথিলতা দেখা যায়নি।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। সমন্বিত মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিট এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে বিক্ষোভ শুরু করে ফেসবুক ভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি।
পরবর্তীতে ২৮ জুন থেকে এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত অন্তত ১২ জন মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
এদিকে শিক্ষা সচিব পরিবর্তনের ঘোষণার পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এস এম/ ২৪ জুলাই ২০২৬









