সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ান নিহত, আহত এক

কলকাতা, ২৪ জুলাই – ভারত বাংলাদেশ সীমান্তের মালদহে বিএসএফ ক্যাম্পে এক জওয়ানের গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র ক্ষিপ্ত হয়ে সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান বলে অভিযোগ উঠেছে।
গুলির আঘাতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান অজয় কুমার সিং এবং আম্বদর সুরেশ দরগু ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত অজয় কুমার সিং বিহারের ছাপরা জেলার বাসিন্দা এবং আম্বদর সুরেশ দরগুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। এই ঘটনায় গুরুতর আহত বিকাশ ব্রহ্মকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাশ পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা এলাকার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত জওয়ান শিবম মিশ্রকে আটক করা হয়েছে। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার নেপথ্যে থাকা কারণ উদ্ঘাটনে বিএসএফ এবং পুলিশ পৃথকভাবে তদন্ত পরিচালনা করছে।
এস এম/ ২৪ জুলাই ২০২৬









