শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

নয়াদিল্লি, ২৩ জুলাই – ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) হুঁশিয়ারি দিয়েছে যে, শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদচ্যুত না করা হলে তারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুলবে।
রাজধানীর যন্তর মন্তরে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপকে সমাবেশের বক্তব্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি ব্যর্থ মন্ত্রীকে অপসারণ করতে ব্যর্থ হন, তবে আন্দোলন কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। পরবর্তী সময়ে দেশের তরুণ সমাজ সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে।
তিনি আরও মন্তব্য করেন যে, একজন ব্যর্থ মন্ত্রী কোনোভাবেই দেশের কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বড় হতে পারেন না।
সমাবেশে সরকার ও প্রধানমন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করা হয়। সিজেপি প্রতিষ্ঠাতা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি দিতে প্রধানমন্ত্রীর ৩৪ দিন সময় লেগেছে, যা অত্যন্ত লজ্জাজনক। এছাড়া আন্দোলনকারীদের ওপর পুলিশি বাধা ও ব্যারিকেড দেওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রশাসন আন্দোলন দমনে যতটা সক্রিয় ছিল, সেই তৎপরতা প্রশ্নপত্র ফাঁস রোধে দেখালে অনেক শিক্ষার্থীর জীবন বেঁচে যেত।
উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকার আলোচনার প্রস্তাব দিলেও বৈঠকের স্থান নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা সরকারি বাসভবন বা কার্যালয়ে আলোচনার কথা বললেও সিজেপি তা প্রত্যাখ্যান করেছে।
সংগঠনের মুখপাত্র আশুতোষ রঙ্কা জানিয়েছেন, তারা যন্তর মন্তর বা কনস্টিটিউশন ক্লাবের মতো কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে আগ্রহী, কোনো নেতার ব্যক্তিগত বাসভবনে নয়।
এনএন/ ২৩ জুলাই ২০২৬









