দক্ষিণ এশিয়া

ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি: আলোচনার প্রস্তাব দিল মোদি সরকার

দিল্লি, ২৩ জুলাই – ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির প্রধান শহরগুলো বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা ও কলকাতার মতো বড় শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নমনীয় অবস্থান নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

বিক্ষোভকারীদের সঙ্গে যেকোনো সুবিধাজনক সময়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে কেন্দ্রীয় প্রশাসন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে গত বুধবার থেকেই আলোচনার জন্য আন্দোলনকারীদের কাছে চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।

তবে আন্দোলনরত গোষ্ঠীগুলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে বৈঠকে বসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তারা যন্তর মন্তর অথবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে আলোচনার দাবি জানিয়েছে। জিতেন্দ্র সিং বলেন, সরকার শিক্ষার্থীদের সঙ্গে যেকোনো সময় সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকে ইতোমধ্যে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। বৈঠকে জেপি নাড্ডা এবং তিনি নিজে উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করেন তিনি। সিং আরও উল্লেখ করেন যে সরকার কোনো ধরনের অহমিকা বা মর্যাদার লড়াইয়ে বিশ্বাসী নয়। তারা আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোতে চান।

এটি শিক্ষার্থীদের কল্যাণে সরকারের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ বলে তিনি দাবি করেন। এদিকে ককরোচ জনতা পার্টি বা সিজেপি সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো মন্ত্রীর কার্যালয় বা বাসভবনে নয় বরং যন্তর মন্তর বা অন্য কোনো নিরপেক্ষ স্থানেই তারা আলোচনায় বসতে আগ্রহী।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button