দক্ষিণ এশিয়া

শিক্ষার্থীদের ‘শত্রু’ মনে করে মোদি সরকার, নিবন্ধে লিখলেন সোনিয়া গান্ধী

নয়া দিল্লি, ২৪ জুলাই – ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত এক নিবন্ধে তিনি অভিযোগ করেন যে মোদি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে না দেখে দেশের শত্রু হিসেবে বিবেচনা করছে।

সোনিয়া গান্ধী উল্লেখ করেন শিক্ষার্থীদের দাবির প্রতি দায়িত্বশীল হওয়ার পরিবর্তে কেন্দ্রীয় সরকার তাদের ওপর নির্মম ও কাপুরুষোচিত আচরণ করছে। গত ২০ জুলাই দিল্লির রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণ তরুণীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের ঘটনাকে তিনি বর্বরতা হিসেবে অভিহিত করেছেন যা দেশের বিবেককে নাড়া দিয়েছে।

তিনি আরও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা পুলিশ বাহিনীর এমন আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নিবন্ধে তিনি ২০২০ সালের সিএএ বিরোধী আন্দোলন এবং নারী কুস্তিগীরদের ওপর নির্যাতনের প্রসঙ্গটিও তুলে ধরেন। সাবেক এই কংগ্রেস প্রধানের দাবি বিজেপি সরকার পাবলিক শিক্ষাব্যবস্থা থেকে ক্রমাগত হাত গুটিয়ে নিচ্ছে এবং শিক্ষা খাতের বাজেট উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে।

গত ১২ বছরে বিপুল সংখ্যক সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হলেও আরএসএস সংশ্লিষ্ট বেসরকারি স্কুল খোলার সুযোগ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এছাড়া ন্যাশনাল টেস্টিং এজেন্সির ব্যর্থতা ও প্রশ্নপত্র ফাঁসের দায় শিক্ষামন্ত্রী নিতে অস্বীকার করছেন বলেও তিনি অভিযোগ করেন। সরকারের একগুঁয়েমি ও জবাবদিহিহীনতার কারণেই শিক্ষার্থীরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে তিনি মনে করেন।

এস এম/ ২৪ জুলাই ২০২৬


Back to top button